যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে ১২টি সোনার বারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামরুল হাসান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তর পাড়ার কুদ্দুস আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, এক পাচারকারী অবৈধভাবে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে ১২টি সোনার বারসহ তাকে গ্রেফতার করে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই-এলাহী জানান, উদ্ধার সোনার ওজন দুই কেজি ৩৯৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা। কামরুলের বিরুদ্ধে পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









