কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তারাগুনিয়া এলাকার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ আলী (৩০) ও একই গ্রামের খেড় মালিথার ছেলে রাজন আহমেদ (৩৫)। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে ভেড়ামারাগামী দ্রুতগতির ড্রাম ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি এস এম জাবীদ হাসান বলেন, দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ট্রাকের চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।








