কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক ভ্যানচালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে ওবাইদুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জাহিদুল ইসলাম খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। ওবাইদুর কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রতনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক জাহিদুলের সঙ্গে ওবাইদুরের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদুলের গলায় আঘাত করে ওবাইদুর। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে জাহিদুলকে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।









