বাগেরহাটের রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান সোহাগকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারের পর তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। একটি সমিতি খুলে এর পরিচালকের দায়িত্ব নিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে রামপাল থানায় প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৩০ মার্চ) খুলনার সদর থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ভুক্তভোগীরা এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টায় রামপাল প্রেস ক্লাবে করা সংবাদ সম্মেলনে তারা জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের নামজুল হাসান সোহাগ স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি চালু করেন। ওই সমিতির পরিচালকের দায়িত্ব নেন তিনি। সোহাগ ও তার কর্মীরা বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে ভুক্তভোগীরা টাকা চাইলে ভয়ভীতি দেখান।
র্যাব-৬ জানায়, ভুক্তভোগীরা টাকা ফেরতসহ দায়ীদের শাস্তি দাবি করে থানায় মামলা করেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সোহাগকে খুলনা শহর থেকে গ্রেফতার করা হয়।
রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন মামলা ও আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, তার গ্রেফতারের খবরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন বলেন, কেউ কোনও অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করলে সংগঠন তার দায় নেবে না।









