নিখোঁজের ছয় দিন পর যশোর পঙ্গু হাসপাতালের লিফটের নিচ থেকে মফিজুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুর ২টায় লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মফিজুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মকবুল শেখের ছেলে।
নিহতের জামাই শাহিনুর রহমান জানান, ‘গত ২৭ মার্চ আমার দাদি শাশুড়িকে (মফিজুরের মা) যশোর শহরের মুজিব সড়কে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন পঙ্গু হাসপাতালের চিকিৎসক এএইচএম আব্দুর রউফ পায়ে অপারেশন করেন। হাসপাতালের ৭ম তলায় ৭০৩ নম্বর শয্যায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। ২৮ মার্চ বিকালে আমার শ্বশুর (মফিজুর রহমান) মাকে দেখভাল করতে যান। বিল দিতে ৭ম তলা থেকে হাসপাতালের অফিসে (নিচতলায়) যান তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।’
তিনি বলেন, ‘আজ বেলা ১২টার দিকে মোবাইল ফোনে জানতে পারি, হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের নিচে লিফটের গর্তে তার গলাকাটা লাশ পড়ে আছে।’
হাসপাতালের মালিক ডা. আব্দুর রউফ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক খুঁজে বের করতে অনুরোধ করছি। তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি।’
পুলিশ জানিয়েছে, হাসপাতালের লিফটের দায়িত্ব থাকা ব্যক্তিসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমানসহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাজিউর রহমান জানান, তাদের ছায়া টিমসহ পুলিশের একটি দল ঘটনার রহস্য উদঘাটনে করছে।









