যশোর সদরের সালতা গ্রামের মিনারুল হত্যা মামলায় হাফিজুর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জুন) যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি এম. ইদ্রিস আলী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান ওসমানপুর গ্রামের চান্দালী মোল্লার ছেলে। নিহত মিনারুল সালতা গ্রামের মৃত সদর আলী মোল্লার ছেলে।
আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কৃষিবিভাগে কাজ করতেন। তার ছোটভাই আব্দুল মান্নানের বন্ধু ছিলেন হত্যাকাণ্ডের শিকার মিনারুল। তিনি বন্ধু মান্নানের কাছে দর্জির কাছ শিখতে বাড়িতে আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে হাফিজুরের প্রথম স্ত্রীর সঙ্গে মিনারুলের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি হাফিজুরের কাছে ধরা পড়ে। পরে স্ত্রীকে তালাক দিয়ে অন্য নারীকে বিয়ে করেন হাফিজুর। পরে ২০১৯ সালের ১৪ আগস্ট রাতে মিনারুলকে ডেকে বাড়ির পাশে বাগানে নিয়ে কে বা কারা কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় মিনারুলের বড় ভাই আক্তারুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পিবিআই হত্যাকাণ্ডের সঙ্গে হাফিজুরের সংশ্লিষ্টতা পায়। পরে তাকে আটক করে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। ২৫ আগস্ট আদালতে সোপর্দ করলে হাফিজুর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। একই বছরের ৭ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত মামলার রায় দেন।








