দাকোপে বাসচাপায় আরশী নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর চালকসহ বাসের স্টাফরা পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। দাকোপ থানার ওসি অননুর যায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে পানখালী ফেরীঘাট সংলগ্ন কিনুর মোড় এলাকায় শিশু আরশী রায়কে (আড়াই বছর) নিয়ে তার মা লিলি রায় ঘুরতে বের হন। এ সময় বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা বাস (খুলনা ব-৮৫৯) পানখালী ফেরীঘাট পার হয়ে চালনা অভিমুখে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। শিশুটি বাসের সামনের অংশের ডান চাকার নিচে চাপা পড়ে।
পরে বাসের চালক ও স্টাফরা পালিয়ে যায়। উপস্থিত জনতা শিশুটিকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দাকোপ থানা পুলিশ উপস্থিত হয়ে বাসটিকে জব্দ করে থানা হেফাজাতে নেয়।







