যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি (৫২) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ ও র্যাব সদস্যরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো—যশোর শহরের রেল রোড টিবি ক্লিনিক এলাকার রায়হান (২৫), শঙ্করপুর এলাকার ইছা মীর (২০) ও টিবি ক্লিনিক এলাকার আল আমিন (২৫)। তাদের মধ্যে আল আমিনকে গ্রেফতার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা।
আরও পড়ুন: বাড়ির সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
পুলিশ সুপার প্রলয় কুমার জানান, গত ১২ জুলাই সন্ত্রাসীদের হামলায় নিহত হন বদিউজ্জামান ধনি। বুধবার রাতে তার ভাই হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে যশোর শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে প্রধান আসামি রায়হানকে এবং খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রাম থেকে ইছা মীরকে গ্রেফতার করে। এছাড়া র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শহরের শংকরপুর এলাকা থেকে এজাহারনামীয় আরেক আসামি আল আমিনকে গ্রেফতার করেন। এ সময় তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি গাছিদা, একটি করে চাইনিজ কুড়াল ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বদিউজ্জামান ধনি হত্যার মাস্টারমাইন্ড শামীম আহমেদ মানুয়া ওয়ার্ড বিএনপির নেতা। অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। শামীমের জামাই ইয়াছিন হত্যায় আসামি ছিলেন বদিউজ্জামান। ওই হত্যাকাণ্ডের প্রভাবও রয়েছে গত মঙ্গলবারের ঘটনায়। শামীমসহ এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ জুলাই দুপুর ১২টায় যশোর শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় নিজ বাড়ির সামনে যুবদল নেতা বদিউজ্জামানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন নিহতের ভাই মনিরুজ্জামান মনি কোতোয়ালি থানায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করেন।









