সাতক্ষীরায় যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে আব্দুল আজিজ নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় ঘোষণা করেন। আব্দুল আজিজ সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার এন্তাজ সরদারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, দাবিকৃত যৌতুকের ৮০ হাজার টাকা না আনায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল স্ত্রী রেহেনা পারভীনকে পিটিয়ে হত্যা করেন আব্দুল আজিজ। ঘটনার পরদিন নিহতের চাচা শওকত আলী সরদার বাদী হয়ে আব্দুল আজিজ ও তার ভাই রুহুল কুদ্দুসসহ পাঁচ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ১৯৯৮ সালে আজিজ ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে রুহুল কুদ্দুস মারা যান। আসামি আজগার আলীও পলাতক ছিলেন। ১২ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে প্রমাণ হয়, আব্দুল আজিজ নির্যাতন চালিয়ে স্ত্রীকে হত্যা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডবোকেট জহরুল হায়দার বাবু জানান, দীর্ঘ ২৪ বছর পরে আসামির ফাঁসির আদেশ হয়েছে।









