খুলনার আলোচিত রহিমা বেগম অপহরণ মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন তার ছেলে মেরাজ আল সাদী। তিনি সোমবার (১৭ অক্টোবর) আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন বলে জানিয়েছেন খুলনা পিবিআইর পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
তিনি বলেন, রহিমা বেগমের ছেলে মেরাজ আল সাদী দুপুরে স্বেচ্ছায় পিবিআই দফতরে আসেন এবং তিনি জানান তার মা স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। এ ঘটনার কারণে গ্রামের নিরীহ মানুষ অহেতুক ভোগান্তির শিকার হয়েছেন। তখন তাকে এ বিষয়ে আদালতে জবানবন্দি দিতে বললে মেরাজ রাজি হন। পরে তাকে সংশ্লিষ্ট আদালতে নেওয়া হলে তিনি ২২ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন।
আরও পড়ুন: এবার শুনি মরিয়মের মা রহিমা বেগম কী বলেন
এ বিষয়ে মেরাজ বলেন, আমার সঙ্গে মায়ের কোনও যোগাযোগ নেই। পিবিআই প্রতিবেদন দেওয়ার পরই তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করার আইনি প্রক্রিয়ায় যাবো।
এদিকে রহিমা বেগম অপহরণ মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খুলনা পিবিআইর পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
আরও পড়ুন: রহিমা নিখোঁজ কি সাজানো নাটক?
তিনি বলেন, মামলায় তদন্তের শেষ ধাপে বিকাশের একটি প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পিবিআই। প্রতিবেদনটি পেলেই পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করবে।
তিনি জানান, রহিমা বেগম অপহরণের আগে তার বিকাশ নম্বরে টাকার লেনদেন হয়। সেই তথ্যটা জানার অপেক্ষায় আছি। বিকাশ আবার আদালতের আদেশ ছাড়া এসব তথ্য দেয় না। তাই, সব কার্যক্রমই আগানো হচ্ছে। বিকাশের প্রতিবেদনটি পেলেই যাচাই শেষে মামলার প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হবে। আশা করছি এ মাসের মধ্যেই প্রতিবেদনটি আদালতে জমা দিতে পারবো।
আরও পড়ুন: বান্দরবানে ভিক্ষা করেছেন রহিমা, ঠিকানা দিয়েছেন ভুয়া
এদিকে রহিমা বেগম ফের নিখোঁজ হয়েছেন এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিবিআই কর্মকর্তা মুশফিকুর রহমান আরও বলেন, আদালত রহিমাকে তার মেয়ের হেফাজতে দিয়েছেন। তাই তার বিষয়ে এখন পুলিশের কোনও চিন্তা নেই। আদালত চাইলে তার মেয়েই রহিমাকে হাজির করবেন। ওটা পুলিশের দায় না। আর এ ধরনের কোনও কিছু আমরা এখনও শুনিনি।
আরও পড়ুন: বোয়ালমারী ইউপিতে জন্ম নিবন্ধন করতে যান রহিমা
তিনি বলেন, বেল্লাল ঘটককে আমরা এ মামলায় সন্দেহ করি। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছিলাম। আদালত রিমান্ড মঞ্জুর করেননি। এরপরই জামিনের আবেদন হলে বেল্লাল ঘটক জামিন পান। তবে, আমরা এখনও এ মামলায় বেল্লাল ঘটককেই সন্দেহ করছি।
আরও পড়ুন: ‘রহিমা-মরিয়ম মান্নান মামলাবাজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো’









