সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ও দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনিসুর রহিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুর ১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আনিসুর রহিম সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ জানান, আজ সপরিবারে সুন্দরবনে যাচ্ছিলেন আনিসুর রহিম। পথিমধ্যে শ্যামনগরে অসুস্থ হয়ে পড়েন। তার বুকে পেসমেকার বসানো ছিল। আগামী ৭ ডিসেম্বর পেসমেকারটি পাল্টোনোর জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার আগেই তিনি মারা গেলেন।
তিনি আরও জানান, যশোর এমএম কলেজের ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা আনিসুর রহিম সত্তরের দশকের শুরুতে সাংবাদিকতা শুরু করেন। আপসহীন সাহসী সাংবাদিকতা করার কারণে অসংখ্যবার হামলা-মামলার শিকার হয়েছেন। নির্ভীক সাংবাদিক হিসেবে তিনি অন্যায় অসত্যের কাছে মাথানত করেননি। দেশব্যাপী সিরিজ বোমা হামলার রহস্য সর্বপ্রথম তিনি দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় প্রকাশ করেন। সেই প্রতিবেদনের সূত্র ধরে সারাদেশে একে একে ধরা পড়ে জঙ্গিরা। তার মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আগামীকাল সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হবে। পরে বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে বলে জানান আবুল কালাম আজাদ।








