খুলনায় মাহিন্দ্রাচালক ওহিদুর রহমান রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর রূপনগর থানা এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুলনার বটিয়াঘাটার মাসুদ রানা মোল্লাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। আসামিকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরার মাহিন্দ্রাচালক রিপন ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আর ফেরেননি। পরদিন রিপনের লাশের সন্ধান পায় তার পরিবার। মাসুদসহ চার জন পেশাদার ছিনতাইকারী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা থেকে খুলনা আসার জন্য মাহিন্দ্রাগাড়িটি ভাড়া করেন। ওইদিন সন্ধ্যায় সাতক্ষীরার তালা থানা এলাকার একটি ফাঁকা জায়গায় আসার পর রিপনকে কুপিয়ে হত্যা করেন তারা। আসামিরা লবণচরার একটি স্থানে রিপনের লাশ ফেলে দিয়ে মাহিন্দ্রা নিয়ে পালিয়ে যান। এ বিষয়ে ভিকটিমের বড় ভাই মামলা করেন।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত বছরের ২৯ মার্চ আদালত মাসুদসহ চার জনের মৃত্যুদণ্ড দেন।









