বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবু হানিফকে তার কার্যালয় থেকে তুলে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১২ জুলাই) রাতে শহরের আমলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে কাজ করার সময় তাকে তুলে নিয়ে যায়।
তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে আহত হয়েছেন কর্তব্যরত এক আনসার সদস্য। আহত আনসার সদস্য নিত্যনন্দকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাক-মুখ ফেটে গেছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, জেলা ছাত্রলীগের এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল সময়মতো পরিশোধ না করায় বুধবার রাতে অফিসে কাজ করার সময় তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ সময় অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ঠেকাতে গেলে তাকে মেরে আহত করা হয়। রাতেই মারধরের শিকার উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হানিফের দাবি, কাজের চাপ থাকায় অফিসে বসে রাতে কাজ করছিলাম। এ সময় কয়েকজন ছেলে এসে আমাকে তাদের সঙ্গে যেতে বলে। রাজি না হলে মারধর করে জোর করে নিয়ে যায়। ঠেকাতে গেলে অফিসের আনসার নিত্যনন্দ ও গেট অপারেটর নাইমকেও মারধর করে। তারা আমাকে লাঞ্ছিত করেছে।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, রাত ৯টার দিকে ছাত্রলীগ নামধারী ৮ থেকে ১০ জন মোটরসাইকেল নিয়ে ঢুকে আমার অফিসের আবু হানিফকে জোর করে ধরে নিয়ে যায়। বাধা দেওয়ায় আনসার সদস্যের নাক ফাটিয়ে দিয়েছে। সে হাসপাতালে রয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। সিসিটিভি ফুটেজে দোষীদের সহজেই চিহ্নিত করা যাবে।








