খুলনায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০ জন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল, দুই জন সদর হাসপাতাল ও একজন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নতুন করে আক্রান্ত ২৩ জনের মধ্যে বিভাগের বিভিন্ন জেলার রোগী আছে। তাদের চিকিৎসা চলছে। ২০২৩ সালের ৬ জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী ছিলেন ৫৫ জন। ৬ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ২৪১ আক্রান্ত হয়েছেন।’
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার বলেন, ‘গত ২০ দিনে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৬ জন চিকিৎসাধীন আছেন।’
খুমেক হাসপাতালের উপপরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, ‘সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনও ওষুধ ঘাটতি নেই। চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। রোগীদের পরিস্থিতি অনুযায়ী আলাদা ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। অনেকে জ্বর হলেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরে তাদের ডেঙ্গুজ্বরের পরীক্ষা করানোর পর নিশ্চিত হতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন বিভাগে পাঁচটি ইউনিট খোলা হয়েছে। এই পাঁচ ইউনিটে বেড আছে ৩৪টি। এর মধ্যে পুরুষ ও নারীদের ১৬টি করে বেড এবং শিশুদের জন্য রয়েছে দুটি বেড।’








