খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে ১১ জন দালালকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৭ আগস্ট) অভিযানে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে অর্থদণ্ড ও দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীল (২৮), শিফাজুর রহমান (২৮), রিয়াজুল ইসলাম (৩০), ফিরোজ হোসেন (২৭), ফারুক হোসেন (৩৩), ওসমান শেখ (২৯), সিমা বেগম (৩০), আরাফাত আদ্রঙ্গী (২৮), গোলাম রহমান (৩১) ও আব্দুল্লাহ আল মাহমুদ (২৭)। গ্রেফতারকৃত প্রত্যেককে ১০০০ টাকা করে অর্থদন্ড করা হয়। এবং লিটন মন্ডল ও জোতির্ময় শীলকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির জানান, র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর কোম্পানি খুলনার একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে খুলনা মেডিক্যালে আসা রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এবং সেইসঙ্গে নিম্ন মানের ক্লিনিকের সঙ্গে যোগসাজসের মাধ্যমে সাধারণ রোগীদের সেখানে নিয়ে যায়। অভিযানের সময় খুলনার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের সহযোগিতায় খুলনা মেডিক্যাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ১১ জন সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।









