ভারতে এমপি আনার হত্যার ঘটনায় আটক শিমুল ভুঁইয়ার সহযোগী সাইফুল আলম মেম্বারকে (৪৮) গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মৎস্যশ্রমিক পরিচয়ে তিনি ওই হ্যাচারিতে আত্মগোপনে ছিলেন। পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।
যশোর ডিবি পুলিশের দাবি, সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিলেন। তিনি মণিরামপুরের রাকিব, সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, সাইফুল মেম্বার চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমানউল্লাহর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। তিনি যশোরের রাকিব, সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত। তাকে গ্রেফতার অভিযান শুরু করলে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মাছের হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। তিনি পুলিশের কাছে যশোরে সংগঠিত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
এ বিষয়ে বুধবার (২৯ মে) দুপুরে যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘সাইফুল আলম চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড। তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে যশোরের তিনটি হত্যা মামলা রয়েছে। আমরা ঢাকা ডিবি পুলিশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রেখেছি।’









