খুলনার ৩১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাবুল কাজী হত্যার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের তিন জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম।
অভিযুক্তরা হলেন- কেএমপির অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও এসআই মনির। ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী পুলিশের মারধরে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
বাদীর আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।









