মেহেরপুরে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে পৃথক দুটি স্থানে তাদের মৃত্যু হয়। এ সময় আরেক কৃষক আহত হন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় আকস্মিক বজ্রাঘাতে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুই জন হলেন- দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাফিজ (২৩) ও সোনাপুর গ্রামের আব্দুর রশিদ। আহত কৃষক আব্দুল মান্নান মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে আকষ্মিক বৃষ্টি শুরু হয় মেহেরপুরে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রাঘাতের ঘটনা ঘটে। সদর উপজেলার দফরপুর গ্রামের রাফিজ কবুতর পালন করেন। এ সময় তিনি মাঠে যান কবুতরের খোঁজে। সেখানেই তিনি বজ্রাঘাতের কবলে পড়লে দগ্ধ লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
অপরদিকে, একই উপজেলার সোনাপুর গ্রামে মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুর রশিদ ও আব্দুল মান্নান। এ সময় আকষ্মিক বজ্রাঘাতে আব্দুর রশিদের মৃত্যু হয় ও আব্দুল মান্নান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।









