বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্দেশে যশোরে কৃষিপণ্যের হাট বসিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে যশোর শহরের দড়াটনা ব্রিজের পাশে এই হাট বসেছে ।
শুক্রবার দুপুর ২টার দিকে কৃষিপণ্যের এই হার্ট উদ্বোধন করেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খাঁন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলামসহ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ মানুষ তাদের চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্যে এখান থেকে সবজি কিনতে পারবেন।
কৃষি পণ্যের এই হাটে আলু, পেঁয়াজ, আদা, ঢ্যাঁড়স, টমেটো, করোলা, বাঁধাকপি, কাঁচা মরিচ, পটল, বেগুন, শসা, ফুলকপি, কলা, শিম ও লাউ পাওয়া যাবে।









