কুষ্টিয়ার মিরপুরে মঈন উদ্দীন (৩০) নামে এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামের একটি শুকিয়ে যাওয়া পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মঈন উদ্দীন উপজেলার ধলসা গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুর ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ওই পুকুরের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় কাছে গিয়ে দেখা যায় তার মাথা এলোপাতাড়ি আঘাতে ক্ষতবিক্ষত। কৃষকরা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে ভিড় জমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্বজনরা জানতে পারেন লাশ পুকুরে পড়ে আছে। কারা হত্যা করেছে, ধারণা করতে পারছেন না তারা।
ওসি মো. মমিনুর ইসলাম বলেন, ‘মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখাও কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।’









