মেহেরপুরের সীমান্তবর্তী হরিরামপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ধাওয়া খেয়ে বিলে লাফ দিয়ে নিখোঁজের একদিন পর বাবু শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবু শেখ শহরের পুরনো পোস্ট অফিসপাড়ার শুকুর আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার হরিরামপুর বিলে পাওয়া যায়।
পুলিশের ধারণা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে টহলরত বিজিবি তাকে ধাওয়া দেয়। বাবু শেখ নেশাগ্রস্ত ছিল বলে তার পরিবার নিশ্চিত করে।
স্থানীয় গ্রামবাসী জানান, বুধবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী হরিরামপুর গ্রামে চার যুবক ভারত থেকে অবৈধভাবে পার হয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে ঝাঝা বিজিবি ক্যাম্পের টহল সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দেয়। এ সময় ৪ যুবক হরিরামপুর বিলে লাফ দিয়ে তিন জন পানি থেকে সাঁতরে ওপরে উঠলেও একজন নিখোঁজ থাকে। পরে বিজিবি সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে যায়। বৃহস্পতিবার সকালে বাবুর পরিবার লোকজন তাকে হরিরামপুর গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। বেলা ১১টার দিকে বিলের পাহারাদাররা এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পানি থেকে মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।’ বিজিবির ধাওয়া খাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রামবাসীর মুখে আমরাও সেটাই শুনেছি। পুলিশসহ গোয়েন্দা সংস্থা মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।’
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।








