আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক ও রাজনৈতিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগে আবু সালেহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষে কমপক্ষে ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। টিউবওয়েলের মোটর চুরি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিঠুনের বাড়িতে হামলা চালানো হয় এবং তার মা মিরা বেগমসহ ৫ জন গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মিরা বেগম অভিযোগ করেন, সকালে রান্নার সময় আবু সালেহ তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তুহিন, মহিদুল, নুর ইসলামসহ আরও কয়েকজন তার ঘরবাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।









