যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর পৌরগেট এলাকায় শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর আকস্মিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন ব্যক্তি মিছিল বের করলে ছাত্রদল নেতা রেজা রহমান ভুট্টো তাদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেনাপোল পোর্ট থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে।
এ সময় শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ ও তরিকুল ইসলামকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও দেখে উক্ত পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।








