বাবার মৃত্যুর শোক বুকে চেপে ব্যাংকের এটিএম বুথে নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সংগ্রামী তরুণ ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট জেলা প্রশাসন ও সরকার। বিভিন্ন সংবাদমাধ্যমে তার জীবনসংগ্রামের খবর প্রকাশের পর সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইসমাইল ইকনের হাতে নগদ অর্থ, অনুদানের চেক ও খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসনের সার্বিক সমর্থনের আশ্বাস দেওয়া হয়।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে ইসমাইল ইকনের জীবনসংগ্রামের বিষয়টি আমাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার খোঁজখবর নেওয়া হয়। এ ধরনের অদম্য ও সহায়সম্বলহীন শিক্ষার্থীদের পাশে আমরা সব সময় আছি। আজ তাকে নগদ টাকা, চেক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তার উচ্চশিক্ষা ও পড়াশোনা নির্বিঘ্ন রাখতেও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
জেলা প্রশাসনের পাশাপাশি সরকারের উচ্চপর্যায় থেকেও ইসমাইল ইকনের প্রতি সহানুভূতির হাত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্থানীয় লতিফ মাস্টার ফাউন্ডেশনসহ বেশ কিছু সামাজিক সংগঠন ইকন ও তার পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ইসমাইল ইকন আবেগাপ্লুত হয়ে বলেন, “সংবাদ প্রকাশের পর শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ব্যাংকের চাকরি থেকে ছুটির ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি তিনি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার এবং লতিফ মাস্টার ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই সহানুভূতি আমাদের পরিবারকে নতুন করে বেঁচে থাকার ও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি ইসমাইল ইকনের বাবার হঠাৎ মৃত্যুতে পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। সংসার চালানো ও নিজের পড়ালেখার খরচ জোগাতে সে বাধ্য হয়ে রাতে এটিএম বুথে ডিউটি করে এবং দিনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং তার ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখতে শুরু করেছে পরিবারটি।

সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়







