জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বের উৎসাহ দিচ্ছে সরকার। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামের চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর।
পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির জিঞ্জিরে আটকে যায়। যে কারণে ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য গোলাম হয়ে কাজ করবে।
রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশোর ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না। এজন্য নারীদের রাজনীতি সক্রিয় করতে হবে।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা ফিরে আশার হুমকি দেয়। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনোই আসবে না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারও এ দেশে দাফনও হবে না।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ডা. মাহমুদা মিতু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।









