কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল হালিম সর্দার (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে খয়েরপুর এলাকায় আবদুল মান্নান ও ইউসুফ আলীর পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
শনিবার সকালে স্থানীয় চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন জড়ো হন। ওই সময় সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আবদুল হালিম। পথে মান্নানের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ছুড়ে তাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’