মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগুন সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে প্রশাসনের কাছে কোনও ধরনের তদবির না করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য যে দলেরই হোন না কেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের রক্ষায় কেউ তদবির করবেন না। এ বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট থাকা উচিত।
আইনমন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগ ও রক্ষীবাহিনীর সন্ত্রাস দেখেছে। ওই সময়ে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।
এছাড়াও ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টারকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে বাংলাদেশের প্রথম গুমের ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। এ ছাড়া সিরাজ সিকদারকে দেশের প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার উল্লেখ করে তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেন।
বিগত ১৬-১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ওই সময়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ৬০০ জনকে গুম করা হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এবং তাদের বাড়ি-ঘর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। মাত্র ২০ দিনে ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের কেউ হাত, কেউ পা, আবার কেউ চোখ হারিয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
তিনি আরও বলেন, এত হত্যাকাণ্ড ও নির্যাতনের পরও কেউ কেউ বাংলাদেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে এসব করে কোনও লাভ হবে।
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটিয়ে কেউ পার পেয়ে যাবে, এমনটি ভাবার কারণ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দলের নেতাকর্মীরা এসব ঘটনা নীরবে দেখবেন না। সবারই বাড়িঘর ও চলাচলের পথ সম্পর্কে জানা আছে। তাই অতীতে ক্ষমতায় থেকে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দুঃস্বপ্ন আর দেখার চেষ্টা করবেন না।
কালীগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের এখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রয়েছেন, তিনি একাই যথেষ্ট। আপনাদের সংসদ সদস্যও আছেন। এরপরও যদি মনে করেন, আমাকে প্রয়োজন, তাহলে জানাবেন। আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।