নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাচঁগাওয়ে বাজারের টোল আদায়কে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে নুরুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধা আছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় সংসদ সদস্যের ভাই পলাশ বিশ্বাস লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কলমাকান্দা উপজেলার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাচঁগাও হাট-বাজারের প্রকৃত ইজারাদার। সোমবার তিনি লোকজন নিয়ে বাজারে টোল আদায় করতে যান। সেখানে পলাশ বিশ্বাস ও তার লোকজন নুরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে এবং টোল আদায়ে বাধা দেয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশ বিশ্বাস ও তার লোকজন নুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে নুরুল ইসলাম, তার ছেলে হেলাল উদ্দিন, রাজন ও হিমেল আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ধস্তাধস্তি হয়েছে। ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে ইজারাদারের টাকা ফিরিয়ে দেওয়া হবে।’
নুরুল ইসলাম জানান, ‘আমি বাজারটি বৈধভাবে ইজারা নিয়েছি। কিন্তু স্থানীয় এমপির ভাই পলাশ বিশ্বাস তার লোকজন নিয়ে আমাকে টোল আদায়ে বাধা দেয়। আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। রাজি না হওয়ায় আমাদের মারধর করে তারা।’
অভিযোগ অস্বীকার করে পলাশ বিশ্বাস বলেন, ‘মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের লোকজন তাকে বাজার থেকে তাড়িয়ে দিয়েছে।’
আরও পড়ুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ অবৈধ, টাকা ফেরত দেওয়ার নির্দেশ
/এআরএল/







