জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। স্থানীয় সার্কিট হাউস মাঠে শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এবং হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের এই উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়।
র্যালিটি সার্কিট হাউস মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, বেগম ফাতেমা জহুরা রানী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবারের এই আয়োজনকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।







