জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে সামিরন বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১১টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলায় এ ঘটনা ঘটে। সামিরন বেগম ডুমুরতলা গ্রামের মৃত নেহাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লাউচাপড়া ডুমুরতলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করতেন সামিরন বেগম। রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
এ সময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা চেচামেচি শুনে এগিয়ে এসে সামিরনের লাশ দেখে বকশীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে শুক্রবার (৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় সামিরন বেগমের পালিত মেয়ে বেলা আক্তার একটি অভিযোগ করেছেন। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।









