ময়মনসিংহে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ সাবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো—গাজীপুরের জয়দেবপুর উপজেলার রোদ্রপুর গ্রামের মৃত রশিদ খানের ছেলে আবু তাহের (৪০) এবং শ্রীপুর উপজেলার বেওয়াসড়া গ্রামের মৃত কছুর উদ্দিনের ছেলে মো. রুকন (২৭)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিল না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম জানান, ২০১৮ সালের ২৬ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহের চরপাড়া মোড়ে মাদক কেনাবেচার খবর পায় পুলিশ। সেখানে পৌঁছালে দুই মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। দেহ তল্লাশি করে আবু তাহেরের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ গ্রাম ও মো. রুকনের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করে।
পরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনকে আসামি করে মামলা করা হয়। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।









