সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের আট জনকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল সেট অডিটরিয়ামে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কলসিন্দুরের আট খেলোয়াড় সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন ও মার্জিয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সানজিদা আক্তার বলেন, ‘আজকের এই সংবর্ধনা আমাদের আরও বড় ধরনের সাফল্য বয়ে আনতে প্রেরণা জোগাবে। তারা আমাদের পাশে তাকলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’
মারিয়া মান্দা বলেন, ‘ফুটবল খেলে দেশের জন্য আরও বড় ধরনের অর্জন নিয়ে আসতে চাই। এক্ষেত্রে সবার সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন।’
আরও পড়ুন: ‘সাফ জয়ের পর যে ভালোবাসা পেয়েছি তা আগে পাইনি’
মারিয়ার মা এনোতা মান্দা বলেন, ‘শুধু আমার মেয়ে না, কলসিন্দুরের আট মেয়ের এই সাফল্যে আমি খুবই খুশি। মারিয়া ছোটবেলা থেকে খুব কষ্ট করে ফুটবল খেলে আজকের এই পর্যায়ে এসেছে। সে এই দেশের সম্মান-মর্যাদা বৃদ্ধি করেছে। আশা করি, ভবিষ্যতে আরও বড় ধরনের সাফল্য নিয়ে আসবে তারা।’
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘এই কৃতি ফুটবলারদের পাশে পুলিশ সব সময় থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল, ক্রিয়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম দেলোয়ার হোসেন মুকুল সাধারণ সম্পাদক মাসুদ রানা আহম্মেদসহ খেলোয়াড়দের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মহানগরীর শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে সাফজয়ী আট ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তারা। এই দলে ছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে বেড়ে ওঠা আট জন।








