জামালপুরের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী এবং এলাকাবাসী।
বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় ছাত্র-জনতা, কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিগপাইত বাজার এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধরা। মিছিল শেষে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় ঘণ্টাব্যাপী জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। কর্মসূচিতে ফরিদ, সৌরভ, আব্দুল মালেক, নাজমুন নাহার, নুরে জান্নাহ সিনহাসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানিকগঞ্জের নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের সভাপতি করেছেন। কিন্তু এই এলাকার স্থানীয় কেউ তাকে চেনেন না। এই এলাকায় কখনও তাকে আসতে দেখা যায়নি। যিনি এই এলাকার মানুষ নন, এই কলেজেও কখনও আসেননি; তাহলে তিনি কীভাবে কলেজের উন্নয়ন করবেন? কলেজের অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে তিনি অযোগ্য। আমরা তার অপসারণ চাই।
বক্তারা তাকে অপসারণ করে দিগপাইত এলাকার স্থানীয়দের মধ্য থেকে গ্রহণযোগ্য ব্যক্তিকে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহ্বান জানান। অবিলম্বে দাবি পূরণ না হলে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।









