ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার সিএনজি পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে গুরুতর সাত জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকাল ৩টার সময় পাম্পের গাড়িতে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে সিএনজি পাম্পে গাড়িতে গ্যাস দেওয়ার সময় গাড়ির সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড সিএনজি পাম্পের চারপাশে ছড়িয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় এবং হতাহতদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী আজহার সিএনজি পাম্পের কর্মচারী রুকাইয়াস জানান, সিএনজি পাম্পের গাড়িতে গ্যাস দেওয়ার সময় গাড়ির সিলিন্ডার লিকেজ হয়। এই লিকেজ থেকে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার মতো আকার ধারণ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সিএনজি পাম্পের পাশের চা দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে করে দোকান কর্মচারী ও প্যাসেঞ্জাররা আহত হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই সুস্থ আছে।








