জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি টুর্নামেন্টে অতিথি করা হয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে। যার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ উচ্চবিদ্যালয় মাঠে জুলাই বিপ্লব শহীদদের স্মৃতিতে তারুণ্যের উৎসব-২৫ হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানেই ঘটে এমন ঘটনা।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৩ নম্বর মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুসহ আরও অনেকে।
এলাকাবাসীর অভিযোগ, জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচারণ করছেন ছাত্র-জনতার ওপর হামলাকারী চেয়ারম্যান নাজমুল হক বাবু। যিনি নিজেই জুলাই-আগস্ট বিপ্লবে জামালপুর সদর উপজেলার হাসিল বটতলাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা। তার নির্দেশেই আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়েছিল।
স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ, এভাবেই দিন দিন জুলাই-আগস্ট বিপ্লব ভূলুণ্ঠিত করার মস্ত বড় ষড়যন্ত্র চলছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সাফায়াত বিন আবেদিন তুর্য বলেন, ‘আমরা এর জবাব চাই ইউএনওর কাছে। কীভাবে একজন ফ্যাসিস্ট দোসরকে এমন আয়োজনে স্থান দেওয়া হলো?’
এ ব্যাপারে ইউএনও জিন্নাত শহীদ পিংকির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নাজমুল হক বাবুর উপস্থিতির বিষয়ে আমার জানা নেই। উনি হয়তো ইউপি চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন।’









