আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ধানের শীষের প্রতীক বরাদ্দ পেয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় সাংবাদিকদের বিএনপির প্রার্থী ইয়াসের খান জানান, ধানের শীষ সারা দেশের মানুষের মধ্যে সাড়া ফেলেছে। ইতোমধ্যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। বিএনপি আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে যেতে সক্ষম বলে মনে করি। জনগণ এতদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা ধানের শীষের পক্ষে ভোট দিতে পারবে। সেজন্য উদগ্রীব হয়ে আছে, মুখিয়ে আছে।
নিজ নির্বাচনী আসন নান্দাইলের সমস্যা নিয়ে তিনি জানান, রাস্তাঘাটের খুব বেহাল দশা, সেগুলোর উন্নয়ন করতে হবে। মাদকের ছড়াছড়ি সেটা বন্ধ করতে হবে। চাঁদাবাজ মুক্ত নান্দাইল গড়ার অঙ্গীকার করেন তিনি।
ইয়াসের খান বলেন, নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধানের শীষ হোক নান্দাইলের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।
এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
/এএম/









