ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ছয় মাস বয়সী নুরুন্নবী নামের এক শিশুর মৃত্যু হয়। শিশুটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আয়নাল হকের ছেলে। এর আগে বিকালের দিকে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্যদিকে ময়মনসিংহ সদর উপজেলার চরগোবদিয়া গ্রামের আবদুর রহিমের সাত মাস বয়সী ছেলে লিয়নকে ২৭ মার্চ দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি শনিবার সন্ধ্যার দিকে মারা যায়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। পরিস্থিতি সামলাতে ২৪ মার্চ হামের রোগীদের চিকিৎসার জন্য তিনটি পৃথক মেডিক্যাল দল গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের চিকিৎসায় হাসপাতালের শিশু ওয়ার্ডের তিনটি পৃথক কক্ষ করা হয়। ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যাবিশিষ্ট কক্ষগুলোতে একটি মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, হাম আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত শিশুরা হামের পাশাপাশি জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়। রোগী বাড়ায় পরিস্থিতি সামাল দিতে শিশু বিভাগের তিনটি কক্ষ নিয়ে করা হাম কর্নার সরিয়ে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি চলছে।