বাবার অভিযোগ অপহরণ, ভিডিও বার্তায় মেয়ে বললো স্বেচ্ছায় রনির সঙ্গে এসেছি

ময়মনসিংহ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭

ময়মনসিংহের ভালুকায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ তুলেছেন তার মা-বাবা। তবে ওই ছাত্রী এক ভিডিওবার্তায় দাবি করেছে, নিজের ইচ্ছায় রনি মিয়ার সঙ্গে চলে গেছে সে। পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া না হলে বিষপানে আত্মহত্যার হুমকিও দিয়েছে ওই ছাত্রী। এমন কিছু ঘটলে এর দায় মা-বাবাসহ পরিবারের সদস্যদের নিতে হবে বলেও ভিডিওতে বলতে শোনা যায় তাকে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেয়েকে অপহরণের অভিযোগ তুলে তাকে উদ্ধারের দাবি জানান তার মা-বাবা। তাদের অভিযোগ, গত ২৯ আগস্ট সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে মেয়েকে তুলে নিয়ে যান রনি মিয়া। এরপর থেকে তার কোনও খোঁজ পাচ্ছেন না তারা।

পরিবার জানায়, ওই ছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে প্রতিবেশী উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের আবদুল আলীম কাজলের ছেলে রনি মিয়া তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি রনির মা-বাবাকে একাধিকবার জানিয়েও কোনও প্রতিকার মেলেনি বলে দাবি পরিবারের।

ছাত্রীর মায়ের অভিযোগ, মেয়েকে অপহরণের ঘটনায় করা মামলার আসামি রনির বাবা আবদুল আলীম কাজল উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় ফিরে তাদের মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। এ জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি খুন-জখমের হুমকিও দিচ্ছেন তিনি। মেয়েকে ফিরে পাওয়ার আশায় সামাজিকভাবে সালিশ বৈঠক করেও কোনও সমাধান হয়নি। বরং আবদুল আলীম কাজল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মেয়ের নিরাপত্তা ও নিজের পরিবারের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওই ছাত্রীর মা। তিনি বলেন, মেয়ের কোনও খোঁজ না পেয়ে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। মেয়েটি কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কি না—কিছুই জানেন না তারা। একজন মা হিসেবে এ কষ্ট সহ্য করা কঠিন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারপ্রক্রিয়া নিয়েও ক্ষোভ জানান তিনি। তার ভাষ্য, আইন আইনের গতিতে চলে না, চলে টাকার গতিতে। মেয়েকে জীবিত ফিরে পাওয়াই এখন তাদের একমাত্র চাওয়া। এ জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

অন্যদিকে, ওই স্কুলছাত্রীর একটি ভিডিওবার্তা এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে রনি মিয়ার সঙ্গে তিন বছরের সম্পর্কের কথা উল্লেখ করে সে দাবি করে, পরিবারের পক্ষ থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করায় নিজের ইচ্ছায় রনির সঙ্গে চলে এসেছে।

ভিডিওতে ওই ছাত্রীকে বলতে শোনা যায়, রনির তিন মাস পর বিদেশে যাওয়ার কথা ছিল এবং তার ভিসাও হয়ে গিয়েছিল। এদিকে পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করায় সে বিষপানে আত্মহত্যার কথা জানিয়েছিল রনিকে। তার দাবি, এ কারণেই রনি তাকে সঙ্গে নিয়ে আসে। সে স্বেচ্ছায় এসেছে, তাকে জোর করে নেওয়া হয়নি বলেও ভিডিওতে দাবি করে ওই ছাত্রী।

পরিবারকে উদ্দেশ করে ভিডিওতে সে আরও বলে, তাদের সম্পর্ক মেনে না নিলে সে আর পরিবারের কাছে ফিরবে না। এমনকি দুজন বিষপানে মারা গেলে এর দায় পরিবারের সদস্যদের ওপর বর্তাবে বলেও হুমকি দেয়। ভিডিওতে ওই ছাত্রী আরও দাবি করে, মা, দাদি ও বোনের সঙ্গে তার কথা হয়েছে। তারপরও পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি বলেন, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণের মামলা করেছেন। মামলার পর রনির দুই সহযোগীকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, মামলার আসামি রনির বাবা আবদুল আলীম কাজল উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। তিন দিন আগে তিনি স্থানীয় একটি বাজারে গেলে বাদীপক্ষের লোকজন তাকে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার জামিনের কাগজপত্র যাচাই করে পরিস্থিতি শান্ত করে চলে আসে। পুলিশ চলে যাওয়ার পর রনির বাবা ও স্কুলছাত্রীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ওই ঘটনায় গত শনিবার স্কুলছাত্রীর স্বজনদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুল আলীম কাজল। অভিযোগটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, গত ১ অক্টোবর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে ভালুকা মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার পর দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও ওই ছাত্রীকে উদ্ধার করা যায়নি।

/আরএইচ/
সম্পর্কিত
টঙ্গীতে সাংবাদিককে অপহরণের পর নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
ব্যবসায়ী অপহরণে জড়িত চাকরিচ্যুত সেনাসদস্যের গড়ে তোলা অপরাধ চক্র
সর্বশেষ খবর
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
ক্ষমা চেয়েও লাভ হলো না, চীনে রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ 
ক্ষমা চেয়েও লাভ হলো না, চীনে রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ 
নামাজ পড়ে ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই বৃদ্ধের
নামাজ পড়ে ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই বৃদ্ধের
মাইকে ঘোষণার মাধ্যমে এবার ভেকু দিয়ে বাণিজ্যমেলার গেট ভাঙলেন শিক্ষার্থীরা
মাইকে ঘোষণার মাধ্যমে এবার ভেকু দিয়ে বাণিজ্যমেলার গেট ভাঙলেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি