ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভিসি গ্রুপের কর্মকর্তাদের ওপর হামলা করেছে প্রো-ভিসি গ্রুপের কর্মকর্তারা। এতে ভিসি গ্রুপের মোর্শেদসহ ছয় কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে মোর্শেদের অবস্থা গুরুতর। বুধবার উভয় গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের অপসারণ দাবি করে প্রো-ভিসি সমর্থকরা মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। এদিকে, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানের অপসারণ দাবি করে একই স্থানে পাল্টা মানববন্ধন কর্মসূচির ডাক দেয় ভিসি সমর্থক শিক্ষক-কর্মকর্তারা। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল থেকেই প্রো-ভিসি সমর্থক শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের পাশে অবস্থান নেয়। এ সময় ভিসি সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দলীয় টেন্টে অবস্থান নেয়।
বেলা সাড়ে ১০টার দিকে ভিসি সমর্থক কর্মকর্তা মোর্শেদ খানসহ বেশ কয়েকজন কর্মকর্তা মানববন্ধনে যোগ দেওয়ার জন্য প্রশাসন ভবন থেকে বের হলে প্রো-ভিসি কর্মকর্তা আলমগীর হোসেন খান, তার ব্যক্তিগত সহকারী আ. হান্নান, আসাদুজ্জামান মাখনসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও ছাত্রলীগ তাদের ধাওয়া করে। এ সময় প্রো-ভিসি সমর্থক কর্মকর্তাদের হামলায় ভিসি গ্রুপের কর্মকর্তা মোর্শেদ খান, এস্টেট শাখার হারুন উর রশিদ, ভিসির পিএস মনিরুল ইসলাম, রেজিস্ট্রারের পিএস আনোয়ার হোসেনসহ ছয়জন আহত হয়। আহতদের মধ্যে মোর্শেদের অবস্থা গুরুতর। মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাংগঠনিক সম্পাদক। এছাড়া মনিরুল ইসলাম ও হারুন উর রশিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ নিয়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, যেহেতু উভয় গ্রুপের মধ্যে একটু মতবিরোধ হয়েছে তাই সবাই যাতে নির্বিঘ্নে মত প্রকাশের স্বাধীনতা পায় সেজন্য প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইবি থানার ওসি প্রিশণিত কুমার গাইন বলেন, মানববন্ধন শুরুর পরপরই ব্যক্তিগত আক্রশের জেরে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
অবৈধভাবে আসছে ভারতের ‘বিষাক্ত সুন্দরী’
/বিটি/








