নরসিংদী আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পারভেজ মিয়া (১৩) হত্যার দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
এর আগে সকালে নিহত পারভেজের বাবা আ. সাত্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গতকাল বিকেলে পারভেজকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে সহপাঠীরা। এ সময় তার অপর সহপাঠী আহত নুরুল আমিন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তবে সুষ্ঠু তদন্ত ও বাকি আসামিদের ধরতে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নৌমন্ত্রীর
/জেবি/টিএন/আপ-এআর/







