রংপুরে আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনকে এরশাদ মিয়া নামে এক যুবক কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রংপুরের সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর ধনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোকলপুর গ্রামের এরশাদ মিয়া তার মা মরজিনা বেগমকে তুচ্ছ ঘটনায় লাঠি দিয়ে পেটাতে থাকে। খবর পেয়ে সাবেক ইউপি মেম্বার ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে মাকে মারধর করতে দেখে এরশাদকে বাধা দেয়।
এ ঘটনার পর ওই দিন রাত ১২ টার দিকে আবুল হোসেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এরশাদ মিয়া আকস্মিকভাবে হামলা চালায়। এসময় এরশাদ আবুলকে কুপিয়ে পালিয়ে যায়। এরপর গুরতর আহত অবস্থায় আবুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে সে মারা যায়।
কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন,আবুলের লাশ আপাতত হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে এ ঘটনায় নিহত আবুল হোসেনের বড় ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এখনও ঘাতক এরশাদ মিয়াকে গ্রেফতার করতে পারেনি।ে
আরও পড়ুন: কাপাসিয়ায় ছুরিকাঘাতে নাট্যকর্মী খুন
/এআর/







