মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় ঢাকা থেকে ঝালকাঠিগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে চালকসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে নিহতদের মধ্যে বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী গ্রামের হিরুলাল বাড়ৈ (৬০), ঝালকাঠির তালবুনিয়া গ্রামের সুফিয়া বেগম (৪০), বরিশাল সদরের আলী হোসেন (৫০), বাসের হেলপার ঢাকার বাসিন্দা আব্দুর রশিদ (৪০) এই চার জনের পরিচয় পাওয়া গেছে। গাড়ির চালকসহ বাকি ৫ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ছাপাখান ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস সুমন ও খোরশেদ আলম জানান, সমাদ্দর ব্রিজের ওঠার পরপরই সুগন্ধা পরিবহনের ওই বাসটির সামনের বাম দিকের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।
পরে ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর বাসটিকে টেনে খালের পাড়ে তুলতে সক্ষম হয়। গাড়িটি উদ্ধারের পর আরও ৩ জনের লাশ পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর মার যায় আরও একজন।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নৌকা নিয়ে খালে তল্লাশি চালাচ্ছে। পানিতে আর কোনও লাশ নেই এই তথ্য পুরোপুরি নিশ্চিত হওয়া পর্যন্ত সন্ধান চলবে।
আরও পড়ুন: রংপুরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
/এআর/








