নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর তীরে অবস্থানরত শূকর পালের রাখাল অতুল কুমার রায় (৫৫) বজ্রাঘাতে মারা গেছেন বলে জানা যায়।
শনিবার (১১ জুন) গভীর রাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। অতুল যশোর সদর থানার নরেন্দ্রপুর গ্রামের মৃত. মতিলাল রায়ের ছেলে। এ সময় একইসঙ্গে ২৪টি শূকরের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরডাঙ্গা গ্রামে শূকর পালের রাখাল যশোরের শ্যাম মন্ডল (৫০), স্বপন তরফদার (৫০), স্বরুপ মন্ডল (২২), পরিতোষ মন্ডল (৫৫) ও অতুল কুমার রায় (৫৫) তাঁবুতে অবস্থান করছিলেন। এ সময় অতুল রায় প্রকৃতির ডাকে তাঁবুর বাইরে গেলে বজ্রাঘাতে তিনি মারা যান। অন্যরা তাঁবুতে জ্ঞান হারান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়া থানার ওসি আব্দুল গণি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একই সময়ে বড় কালিয়া গ্রামের বকুল শেখের গোয়ালঘরের ওপর বজ্রাঘাতে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দু’টি ষাঁড়ের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরায় ডিফেন্স পার্টি গঠন
/এইচকে/







