ঢাকার গুলশানের ঘটনার পর নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে কর্মরত ২৩৮ জন বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের বিদ্যুৎকেন্দ্র, সাইলো, তেলের ডিপোসহ ২৩টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই পয়েন্ট) নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডে সবচেয়ে বেশি বিদেশিদের কর্মসংস্থান। বিদেশি ৩৫টি, দেশি ১৮টি ও যৌথ মালিকানাধীন ১০টি শিল্পপ্রতিষ্ঠান ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত আদমজী ইপিজেডে বিনিয়োগ করেছে ৩৩৯.০১ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত রফতানি হয়েছে ১ হাজার ৯৪৫ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমমানের পণ্য। ইতিমধ্যে ভারত, কোরিয়া, হংকং, কানাডা, জার্মান, ইউইএ, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি উন্নত দেশ বিনিয়োগ করেছে। দেশি-বিদেশি বিভিন্ন কারখানায় রপ্তানিমুখী গার্মেন্ট, জুতা, ইলেক্ট্রিক কেবলস, বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রীর উৎপাদন চলছে। বছরে প্রায় সাড়ে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে। গেল ১০ বছরে আদমজী ইপিজেডে কর্মসংস্থানে হয়েছে ৪৩ হাজার ৯২১ জন শ্রমিকের। যার মধ্যে রয়েছে ২৩৮ জন বিদেশি শ্রমিকও।
ইপিজেড নিয়ন্ত্রণকারী বেপজার জিএম আশরাফ উল কবির জানান, আদমজী ইপিজেডে বর্তমানে ২ শতাধিক বিদেশি নাগরিক কর্মরত আছেন। তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জানান, বিদেশিদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছে। টহল পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটিকে সঠিকভাবে মনিটরিং করার জন্য ঊর্ধ্বতনদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
কুমিল্লায় অবস্থানরত ৪শ’ বিদেশির নিরাপত্তা জোরদার
/বিটি/টিএন/








