নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সর্দার অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি মিজান কাজী (৩৫) নিহত হয়েছেন। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত মিজান নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।
নড়াগাতি থানা পুলিশ জানায়, অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজানকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহর থেকে গ্রেফতার করা হয়। পরে মিজানকে গোপালগঞ্জ থেকে নড়াগাতিতে আনার পথে পহরডাঙ্গা বালুমাঠ এলাকায় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। ঘটনাস্থল থেকে একটি সাটারগান, চার রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করে পুলিশ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মিজানের নামে নড়াগাতি থানায় ৬টি ডাকাতি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট থানা এবং গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন:
পাবনায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
/বিটি/







