নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনও নার্স (সেবিকা) নেই। চিকিৎসক আছেন মাত্র একজন। ফলে সরকারি চিকিৎসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার স্থানীয়রা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ কেবল একের পর এক আশ্বাসই দিয়ে যাচ্ছে; কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
১৯৮২ সালে ৩০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয়। যাতায়াত-ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে কোনও চিকিৎসক বেশিদিন থাকতে চান না। বদলি হয়ে অন্যত্র চলে যান। হাসপাতালে চিকিৎসকসহ ৩০জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। কিন্তু একজন চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারী আছেন মাত্র সাতজন। এদের মধ্যে কোনও নার্স নেই।
কাগজে-কলমে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন নার্স রয়েছেন। এদের মধ্যে কল্পনা আক্তার নামের একজন গত মে মাসে বদলি হয়ে ঢাকায় চলে গেছেন। বাকি দু’জন অন্যত্র কাজ করছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম বলেন, ‘ডাক্তার হাসপাতালে ভর্তির পরার্মশ দিয়েছেন। কিন্তু নার্স না থাকায় বাড়ি চলে যাচ্ছি।’
উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বাসিন্দা গফুর মিয়া বলেন, ‘হাসপাতালের লোকবল সংকট নিয়ে ডাক্তারকে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন, ওপরে জানিয়েছি, সমস্যার সমাধান হবে। কিন্তু সমাধান আর হয় না।’
খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুবীর চন্দ্র দাস জানান, নার্স না থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিষয়টি সিভিল সার্জনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও নার্স আসেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার বলেন, সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বরিশালে বিয়ের আসর থেকে ভুয়া এসআই আটক
/এআরএল/এআর/








