বিচার বিভাগকে স্বাধীন রাখতে সরকার বদ্ধ পরিকর, এ ব্যাপারে কোনও আপস হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকালে নরসিংদীতে জেলা জজ আদালতের বর্ধিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এদেশে বিচার বিভাগের পরাধীনতা আমরা দেখে এসেছি। এখন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের বিরাজমান সমস্যা দূরীকরণে সরকার যা যা করা দরকার সব করবে।’
এসময় জঙ্গিবাদ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘দেশে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে জঙ্গিবাদ। জঙ্গিবাদ রোধে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে কাজ করে যাচ্ছে।’
নরসিংদীর জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তব্য রাখেন। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বশিরুল কাদেরসহ জেলার আইন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জেলা জজ আদালতের বর্ধিত ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
/এমও/







