সন্তান হত্যার অভিযোগে বাবা ও সৎ মাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার বড়ফলিয়া গ্রামের আবু তাহের ও তার দ্বিতীয় স্ত্রী লাবনী বেগম। আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১৩ ডিসেম্বর আবু তাহের ও তার দ্বিতীয় স্ত্রী লাবনী বেগম সাত বছরের শিশু সন্তান তাজমিনাকে বাড়ির পাশে একটি জঙ্গলে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর সৎ মা লাভলী বেগম পালিয়ে গেলেও তাহের অনুশোচনায় মেয়ের লাশের পাশেই অবস্থান করেন। পরে লোকজন এসে তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাজমিনার মামা সাদেকুল ইসলাম বাদী হয়ে পীরগজ্ঞ থানায় হত্যা মামলা করেন। মেয়েকে হত্যার কথা স্বীকার করে তাহের আদালতে জবানবন্দি দেন। পরবর্তীতে জামিন নিয়ে আবু তাহের পালিয়ে যান।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফারুখ মো. রেজাউল করিম।
আরও পড়ুন:
জঙ্গি অর্থায়নে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা থেকে বাংলাদেশ বাদ
/বিটি/







