টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
মির্জাপুরে সকালে উপজেলার ইচাইলে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে অন্তত ১৩ জন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ইচাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক নারী মারা যান। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
একইদিন সকালে অপর এক দুর্ঘটনায় কালিহাতি উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, সকাল ৯টা ৫ মিনিটেরে দিকে উপজেলার আনলিয়াবাড়ি এলাকায় উত্তরবঙ্গমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর ব্যাক্তিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন গাইবান্ধা জেলার বানিয়াজং এর বেলালের ছেলে তৌহিদ (২৭)।
আরও পড়ুন-
সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে তুরস্কের
/এমডিপি/এফএস/







