এনজিও থেকে পাওনা টাকা না পেয়ে মালিকের হোটেল দখল নারীদের

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৫

বগুড়া বগুড়ার সান্তাহারে একটি এনজিও থেকে পাওনা আড়াই কোটি টাকা না পেয়ে মালিকের হোটেল দখল করেছেন নারী পাওনাদাররা।তারা গত রবিবার থেকে এখন পর্যন্ত সেটি দখল করে সেখানে অবস্থান করছেন। এছাড়া বাকি কিছু প্রভাবশালী পাওনাদার সান্তাহার ও পার্শ্ববর্তী নওগাঁয় থাকা ওই প্রতিষ্ঠানের মালিকের জায়গা-জমি দখল করেছেন।
জানা গেছে, বগুড়ার সান্তাহারে ‘আমরা প্রত্যেকে কাজ শিখি’ (আপ্রকাশি) নামে একটি ঋণদান ও আমানত গ্রহণ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এসএম জুয়েল। টাকা পরিশোধ না করায় পাওনাদারদের হামলা, মারধর, ভাঙচুর ও চাপের মুখে তিনি পরিবার নিয়ে বর্তমানে আত্মগোপন করেছেন। এ কারণে সব ভুক্তভোগীরা অবিলম্বে তাদের পাওনা অন্তত ৫০ কোটি টাকা ফেরত পেতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে এনজিওটির নির্বাহী পরিচালক জুয়েলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
জুয়েলের বড় বোন রেবেকা সুলতানা বানু জানান,তার ভাই কারও টাকা আত্মসাৎ করেননি; শিগগিরই তিনি তা ফেরত দিবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এসএম জুয়েল গত ২০০৩ সালে সান্তাহারের মুক্তিযোদ্ধা মার্কেটে ‘আপ্রকাশি’ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে একটি ঋণদান, আমানত গ্রহণ ও মুনাফা দেওয়ার কার্যালয় খোলেন। মাসে প্রতি লাখ টাকা জমার বিনিময়ে গ্রাহকদের দুই হাজার টাকা মুনাফা দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এতে অধিক মুনাফার আশায় বিপুল সংখ্যক নারী-পুরুষ ওই প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে পড়েন। কয়েক বছরে গ্রাহক সংখ্যা দাঁড়ায় দুই হাজারে। সঞ্চয়ের পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। গ্রাহকরা নিয়মিত মুনাফা পেলেও গত বছরের অক্টোবর থেকে মালিক আলোচনা ছাড়াই মুনাফার অংক কমিয়ে দেন। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হন। সবাই তাদের আমানতের টাকা ফেরতের দাবি করলে মালিক জুয়েল বিপাকে পড়েন। পরে গ্রাহকরা কমিয়ে দেওয়া মুনাফা নিতে রাজি হলেও চলতি বছরের জানুয়ারি থেকে সেটাও বন্ধ করে দেয়া হয়।

এরপর থেকে গ্রাহকরা মূল টাকা ফেরত চেয়ে ‘আপ্রকাশি’ কার্যালয়ে যান। জুয়েল গত জুলাই মাসে গ্রাহকদের টাকা পরিশোধের নোটিশ টানিয়ে দেন এবং অফিসে আসা থেকে বিরত থাকেন। ওই সময়ে টাকা ফেরত না পেয়ে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ গ্রাহক সান্তাহারের মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় ও এর সহযোগী প্রতিষ্ঠান একই এলাকার হোটেল স্টারে কয়েক দফা হামলা চালিয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। এতেও তারা টাকা ফেরত না পেয়ে গত ৪ আগস্ট রাতে মালিক জুয়েলকে পিটিয়ে আহত করেন।

এদিকে ঈদের এক সপ্তাহ আগে ২৫০ জন ক্ষুদ্র পাওনাদারকে মাত্র এক হাজার টাকা করে দেওয়া শুরু করলে মোটা অংকের পাওনাদাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা আবারও ‘আপ্রকাশি’র কার্যালয়, হোটেল স্টার ও জুয়েলের বাসায় হামলা এবং ভাঙচুর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঈদের আগের দিন রাতে জুয়েল পরিবার নিয়ে আত্মগোপন করেন।

ভুক্তভোগী নারী গ্রাহকরা ‘টাকা উদ্ধার কমিটি’ নামে কমিটি গঠন করেন। ওই আহ্বায়ক রাবেয়া আক্তার বৃষ্টি বলেন, সরকারি দল সমর্থিত প্রভাবশালী পাওনাদাররা যে যার মতো করে জুয়েলের সম্পদ দখল করে নিয়েছে। সে কারণে তারা শতাধিক অসহায় নারী কমিটি করে ‘হোটেল স্টার’ দখল করে নিয়েছেন। তাদের পাওনা প্রায় আড়াই কোটি টাকা ফেরত পেলে হোটেলের দখল ছেড়ে দেবেন।

পাওনাদার ডা. আফরিন আরা লিন্ডা, বৃষ্টি আক্তার, শাহিনুর বেগম, লিলি বেগম প্রমুখ জানান, তারা সহায়-সম্বল বিক্রি ও ধারদেনা করে টাকা সঞ্চয় করেছিলেন। তারা আশঙ্কা প্রকাশ করে জানান, প্রতিষ্ঠানের মালিক নির্বাহী পরিচালক জুয়েল তাদের পাওনা পরিশোধ না করে যেকোনও সময় দেশ ত্যাগ করতে পারেন। তারা তাদের কষ্টার্জিত টাকা ফেরত পেতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই সিদ্ধার্থ শাহা জানান, এ ব্যাপারে কোনও পক্ষ থেকে তাদের কাছে কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের